আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৯ মে ২০২৬: আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। সোমবার (১৮ মে) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেটের সীমাবদ্ধতার কারণে কমিশনের সব সুপারিশ একবারে কার্যকর না করে এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হচ্ছে। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন বেতন কাঠামো চালু হতে যাচ্ছে। সুপারিশ অনুযায়ী নতুন পে স্কেল ও পেনশন সুবিধা পুরোপুরি বাস্তবায়নে সরকারের মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যার মধ্যে পেনশনের জন্যই অতিরিক্ত লাগবে অন্তত ২৫ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জিডিপির তুলনায় রাজস্ব সংগ্রহ কম থাকায় এবং সামগ্রিক অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার কারণে বাজেটে কিছু কাটছাঁট করতে হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে এই পে স্কেলটি তিন অর্থবছরে ভাগ করে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। 
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী বাজেটে ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ রাখা হতে পারে। এর আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের মূল বেতনের (বেসিক) ৫০ শতাংশ পাবেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ এবং চূড়ান্ত বা তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে অন্যান্য ভাতা ও আনুষঙ্গিক সুবিধা শতভাগ পূর্ণ করা হবে।
বাজেট ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইতিমধ্যে সচিবালয়ে দুটি বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী ২১ মে (বৃহস্পতিবার) এই সংক্রান্ত গঠিত কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে, যেখান থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: The Daily Campus

Comments

Popular posts from this blog

যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ

‘হাসিনাকে আর রাজনীতি করতে দেব না—এই শপথ নিতে হবে’: শাহবাগে মির্জা ফখরুল